আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৬ ২৩:৫৫:৫৯ || আপডেট: ২০১৯-০২-০৬ ২৩:৫৫:৫৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : সরকারি গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে কোরিয়ান কেইপিজেড গার্মেন্টস কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল বেলা ২টা থেকেই কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ ও শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গতকাল কারখানায় প্রবেশের পর গেজেট অনুযায়ী বেতন প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেন এলাকার কেইপিজেড কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বেতনের পে-সিলিপ দেওয়ার পর থেকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে কর্মবিরতি শুরু করে। পরিস্থিতি সামলাতে শিল্প পুলিশের শতাধিক সদস্যরা কারখানা গেইটে অবস্থান নেয়।
এ সময় কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, গতকাল সকালে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে জড়ো হওয়ার চেষ্টা করেন। দুপুরের খাবারের বিরতির পর থেকে কর্মবিরতি শুরু করে কারখানা থেকে বেড়িয়ে যায়। পরে বিকালে কারখানা ছুটির সময় হলে তারা চলে যান। এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। তবে এ নিয়ে এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।