চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদান: চট্টগ্রামের দুইজন একুশে পদক পাচ্ছেন 

প্রকাশ: ২০১৯-০২-০৭ ১২:৫৬:১৯ || আপডেট: ২০১৯-০২-০৭ ১২:৫৬:১৯

বীর কন্ঠ ডেস্ক:

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম থেকে একুশে পদক-২০১৯ পাচ্ছেন হরিশংকর জলদাস এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য ড. মাহবুবুল হক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।হরিশংকর জলদাস ১৯৫৫ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামে জন্ম গ্রহণ করেন।  তার শৈশব-কৈশোর কেটেছে পতেঙ্গার কৈবর্তপাড়ায়।

তিনি পতেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭১ সালে মাধ্যমিক পাশ করেন।  এরপর চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান।

তার উল্লেখযোগ্য উপন্যাস দহনকাল (২০১০), জলপুত্র (২০১২), কোনো এক চন্দ্রাবতী (২০১৫), এখন তুমি কেমন আছ (২০১৫)।

ড. মাহবুবুল হকের জন্ম ১৯৪৮ সালের ৩ নভেম্বর ফরিদপুরের মধুখালীতে। তবে শৈশব থেকে বেড়ে ওঠা চট্টগ্রামেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।  ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন একই বিশ্ববিদ্যালয় থেকে।

শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মাহবুবুল হক। বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন চট্টগ্রামের রাঙ্গুনীয়া কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন বাংলা বিভাগে প্রভাষক হিসেবে। বর্তমানে তিনি অধ্যাপক পদে অবসর ছুটিতে আছেন। শিক্ষকতার পাশাপাশি প্রায়োগিক বাংলা ও ফোকলোর চর্চা, গবেষণা, সম্পাদনা, অনুবাদ ও পাঠ্যবই রচনা করে পরিচিতি লাভ রয়েছে ড. মাহবুবুল হকের। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ বিশেষজ্ঞ হিসেবে নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

তার উল্লেখ্যযোগ্য প্রবন্ধ গ্রন্থ হলো, বাংলা বানানের নিয়ম, রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র ভাবনা, তিনজন আধুনিক কবি ইতিহাস ও সাহিত্য, সংস্কৃতি ও লোকসংস্কৃতি, ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *