আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-০৯ ১৯:৪৪:১৩ || আপডেট: ২০১৯-০২-০৯ ১৯:৪৪:১৩
বীর কন্ঠ ডেস্ক :
হুমকি দিয়ে কেউ কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
মন্ত্রী বলেন, ‘‘আমি থাকতে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। কেউ হুমকি দিলে উচ্ছেদের গতি আরো বৃদ্ধি পাবে।’’
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে চলমান উচ্ছেদ অভিযান পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘‘এটা একুশ শতকের বাংলাদেশ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। হুমকি দিয়ে কেউ পার পাবে না। কর্ণফুলীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের যে অভিযান শুরু হয়েছে, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। কর্ণফুলী নদীকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা করা হবে।’’
পঞ্চম দিনের মতো শনিবারও কর্ণফুলীর তীরে উচ্ছেদ অভিযান চলেছে। পাঁচ দিনের অভিযানে প্রায় ৮ একর সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ সব ভূমির মূল্য কয়েকশত কোটি টাকা।
ভূমিমন্ত্রী সরেজমিন উচ্ছেদ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসনকে অভিযানের ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।