জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১২ ২১:৩৮:৪৭ || আপডেট: ২০১৯-০২-১২ ২৩:৪১:৪০
আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার ইছানগরে শীর্ষ দুই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামশুল তাবরীজ। এ সময় কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ইমাম হাসান তার সঙ্গে ছিলেন।
অভিযান চালানো বাড়ি দুটির মালিক মোহাম্মদ হেলাল ও মোহাম্মদ হোসেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। কয়েক বছর আগে সেখানে জমি কিনে বাড়ি করেছে তারা। মাদকবিরোধী অভিযান শুরুর পরপরই তারা গা ঢাকা দিয়েছে। ইয়াবা কারবারিদের বাড়িগুলো দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো।
পুলিশ জানায়,বাড়ি দুটির মালিক হেলাল ও হোসেন তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা কারবারি। তাদের বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা দুজনই পলাতক। তবে তাদের আটক করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
অভিযান পরিচালনাকারী ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সামশুল তাবরীজ বলেন, অভিযানকালে ইয়াবা কারবারিদের বাড়িতে পাওয়া যায়নি। অভিযানে ৫টি সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে। এ সময় ভাড়াটিয়াদের আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে।