চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাঁশখালীতে পৌরসভা ভবনে শালিশী বৈঠকে বৃদ্ধের মৃত্যু!

প্রকাশ: ২০১৯-০২-১৪ ২২:২৫:৩৮ || আপডেট: ২০১৯-০২-১৪ ২২:২৫:৩৮

বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী পৌরসভা ভবনে এক শালিশ বৈঠকে স্ট্রোক করে মাওলানা নজির আহমদ (৭৬) নামে এক বৃদ্ধের আকস্মিক মৃত্যু হয়েছে।  (১৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। মাওলানা নজির আহমদ সরল ইউনিয়নের পাইরাং এলাকার মৃত হাজী ছমিউদ্দীনের ছেলে। মাওলানা নজির আহমদের পরিবারের লোকজনের অভিযোগ, জনৈক ভূমিদস্যু রাশেদ আলীর মানসিক নির্যাতন ও যন্ত্রনার শিকার হয়ে শালিশী বৈঠকেই স্ট্রোক করে মাওলানা নজির আহমদ মারা যান। এসময় পৌরভবনে মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, শালিশ বৈঠকের বিচারক কাউন্সিলর তপন বড়ুয়া, কাউন্সিলর জামশেদ আলী, মুহাম্মদ হারুনুর রশিদ, দুদু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকাল ১০ টায় মাওলানা নজির আহমদের জানাজা ও দাফনের কথা রয়েছে।

জানা গেছে, পৌরসভার উত্তর জলদী এলাকার বকলম মিয়ার ছেলে রাশেদ আলীর সাথে ২৬ শতক জায়গা নিয়ে মাওলানা নজির আহমদের বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে একাধিক বার শালিশ বিচার অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবারও শালিশের দিন ধার্য্য ছিল। শালিশ বৈঠক চলাকালেই তর্ক বিতর্কের এক পর্যায়ে মাওলানা নজির আহমদ মাটিতে লুটিয়ে পড়ে। এসময় দ্রুত তাকে তাকে বাঁশখালী হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের পুত্র মাওলানা বোরহান উদ্দীন জানান, রাশেদ আলী ও তার লোকজনের মানসিক যন্ত্রনাতেই আমার বাবা স্ট্রোক করে ঘটনাস্থলে মারা গেছেন। আমাদের জায়গা জবর দখল করতেই রাশেদ ও তার লোকজন আমার বাবাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এদিকে বাঁশখালী থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও এই বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে জানিয়ে বলেন, অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *