শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৬ ১৯:৫৪:১৮ || আপডেট: ২০১৯-০২-১৬ ১৯:৫৪:১৮
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের আমির হামজার টেক এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে কৃষক ও ট্রাক্টার চালক আমান উল্লাহ প্রকাশ আনুর সন্ধান ৭ দিনেও পাওয়া যায়নি। নিখোঁজ আমান উল্লাহ ২ মেয়ে ও ৪ পুত্র সন্তানের জনক। তার ছোট সন্তানের বয়স ২ বছর। বিগত ৭ দিন ধরে আমান উল্লাহর কোন খোঁজ খবর না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চলছে চরম হতাশা ও হাহাকার।
গত ১০ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর নিজ বাড়িতে আসার পথে নিখোঁজ হন। ওই দিন চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে শ্যালক ইসমাঈল তাকে গাড়িতে তুলে দেন। এর পর আনোয়ারা চাতরি চৌমহনী এলাকায় যানজটে আটকা পড়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এর পর থেকে কৃষক আমান উল্লাহর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার ব্যবহারিত ০১৮১৩-৯৯৭৮৫১ নাম্বারের মোবাইলটিও বন্ধ রয়েছে। এব্যাপারে আনোয়ারা থানায় নিখোঁজ আমান উল্লাহর বোন মমতাজ বেগম বাদী হয়ে সাধারণ ডায়েরী নং ৫০৬ দায়ের করেছেন।
নিখোঁজ আমান উল্লাহর বড় বোন মমতাজ বেগম জানান, বিগত ১০ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যার পর থেকে আমার ভাই নিখোঁজ রয়েছে।
নিখোঁজ বিষয়ে আমরা প্রথমে বাঁশখালী থানায় জিডি করতে গেলে পুলিশ ঘটনাস্থল আনোয়ারা উল্লেখ করে আমাদের ফিরিয়ে দেন। পরে আমরা আনোয়ারা থানায় জিডি করলেও আমার ভাইয়ের উদ্ধারের বিষয়ে কোন তৎপরতা কিংবা সহযোগীতা পাচ্ছিনা। তিনি তার ভাইকে জীবিত উদ্ধারে প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন।
বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, আমান উল্লাহর নিখোঁজ বিষয়ে তার বোন একটি জিডি করেছেন। তাকে উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।