প্রকাশ: ২০১৯-০২-১৭ ০১:০১:০৭ || আপডেট: ২০১৯-০২-১৭ ০১:০১:০৭
নিউজ ডেস্ক : অব্যাহত চাঁদাবাজি, মাদকব্যবসা ও নালা ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসার পরিবেশ নষ্ট, মাদকসেবীদের উৎপাতে বহদ্দারহাটে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। বহদ্দারহাটের কাঁচাবাজার যারা সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়েছে তারাই এখন পুরো বহদ্দারহাট জুড়ে প্রায় অতিরিক্ত এক হাজার অস্থায়ী দোকান বসিয়ে আশে-পাশের মার্কেটগুলোর ব্যবসায় ধস নামিয়ে দিয়েছে। আমরা এখন অসহায়, পথের ফকির। আমরা বাঁচতে চাই। গতকাল (শনিবার) বহদ্দারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আরাকান রোডে এক প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন।
কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মোমেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালুকদার ফজলুল হকের সঞ্চালনায় ব্যবসায়ীদের দু:খের কথা তুলে ধরেন স্বজন সুপার মার্কেটের ব্যবসায়ী রাকেশ বড়–য়া, হক সুপার মার্কেটের ব্যবসায়ী আবদুল কাদের, ফল ব্যবসায়ীদের প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক জোনায়েদ হোসেন, ফরিদের পাড়ার বাসিন্দা একরামুল করিম, চান্দগাঁও আবাসিক এ ব্লকের বাসিন্দা তাপস কুমার নাথ, শমসের পাড়ার বাসিন্দা গিয়াসউদ্দিন কাদের, ব্যবসায়ী ওহীদুল আলম, পরিবহন নেতা শামসুল হক চৌধুরী, পত্রিকার হকার হাবিবুল্লাহ প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই বহদ্দারহাটটি একটি সন্ত্রাসী চক্র নিয়ন্ত্রণ করছে। এসরাইল নামক একটি ব্যক্তি তার ২০০ ক্যাডার নিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণ করে। চাঁদাবাজি, ইয়াবা বিক্রি, জমি ও বাড়ী দখলের মতো প্রতিদিন ঘটলেও প্রশাসনের কোন নজর নেই। আমরা অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।