আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৮ ২২:০৮:৩১ || আপডেট: ২০১৯-০২-১৮ ২২:০৮:৩১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় একটি ডোবায় পড়ে আপন ৩ বোনের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলা উদ্দীন দফাদারের বাড়ীতে। বর্তমানে একই পরিবারের এ ৩ বোনের করুণ মৃত্যুতে এ পরিবারে শোকের মাতম চলছে।
পানিতে ডুবে নিহত ৩ বোন হচ্ছেন সাদিয়া (৭), মুনতাহিম (৫) ও মাইশা (৩)। তার মধ্যে সাদিয়া ও মুনতাহিম কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও শিশু শ্রেণীর ছাত্রী। তারা কোলাগাঁওয়ের অধিবাসী চট্টগ্রাম বন্দর শ্রমিক কফিল উদ্দিনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সোয়া ৩টার দিকে তারা তাদের নতুন তৈরিকৃত ঘরের আঙিনায় খেলতে বের হয়। এতে তারা নতুন ঘরের পাশে থাকা একটি ডোবায় পড়লে এ দূর্ঘটনার সৃষ্টি হয়।
কোলাগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি ও কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হারুনের সাথে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আশংকা করছি ছোট বোন মাইশা ডোবায় পড়ে গেলে তাকে সেখান থেকে তুলতে গিয়ে অপর ২ বোনও ডোবায় ঝাঁপিয়ে পড়ে। এতে নি:শ্বাস বন্ধ হয়ে তাদেরও মৃত্যু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে এ ডোবার পানির উপরে ছোট বোনের লাশ ভেসে উঠে। পরে অপর ২ বোনের লাশও মৃত অবস্থায় ভেসে উঠে বলে তিনি জানান। বর্তমানে এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
নিহত ৩ বোনের মা শামীমা আকতার ও পিতা কফিল উদ্দীন বর্তমানে অজ্ঞান হয়ে পড়েছেন। গতকাল এশার নামাজের পর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানের তাদের লাশ দাফন করা হয়।