প্রকাশ: ২০১৯-০২-১৮ ২৩:৪৩:১৪ || আপডেট: ২০১৯-০২-১৮ ২৩:৪৩:১৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দেয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। চেয়ারম্যান পদে শুধুমাত্র এক প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন খলিলুর রহমান চৌধুরী।
উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আকতার হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহসভাপতি শাহাদাত হোসেন তালুকদার, ও দক্ষিণ রাজানগরের মো. ফজলুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মনোয়ারা বেগম ও দিলু আক্তার। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম, মনোয়ারা বেগম ও দিলু আক্তার তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কাছে।
অন্যান্য প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। মনোনয়ন বাছাই হবে ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।