চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাঈদীপুত্র মাসুদকে কারাগারে প্রেরণ

প্রকাশ: ২০১৯-০২-১৯ ১৬:২৯:৫৩ || আপডেট: ২০১৯-০২-১৯ ১৬:২৯:৫৩

বীর কন্ঠ ডেস্ক :

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মাসুদ সাঈদী। কিন্তু পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাঈদী। ওই মেয়াদ শেষ হয়ে গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৫টি পেট্রলবোমা ও কয়েকটি ককটেলসহ দুই জামায়াত কর্মীকে আটক করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ সাঈদী পালিয়ে যান।

এ ঘটনায় ২০১৮ সালের ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন ও ওবায়দুল্লাকে অজ্ঞাত আসামি এবং ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন।

২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *