জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৩ ২১:৪২:৫৭ || আপডেট: ২০১৯-০২-২৩ ২১:৪২:৫৭
আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী দলের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে পৃথকভাবে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করে দুই সাংগঠনিক উপজেলার নেতাকর্মীরা।
বিকেল ৫টায় আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী বাজার চত্বরে এসে মিছিলটি সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আ.লীগ আহবায়ক কমিটির সদস্য এডভোকেট হরিপদ চক্রবর্তী,জাফর উদ্দিন চৌধুরী,ফজলুল করিম চৌধুরী বাবুল প্রমুখ।
একই সময়ে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বরে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। কর্ণফুলী উপজেলা আ.লীগের জেষ্ঠ্য সহ সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম বকুল,এস এম হোসাইন,উপজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান প্রমুখ।
পৃথক দুটি সমাবেশে বক্তারা বলেন,বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানকে দলীয় নেতাদের সম্পর্কে তার বেফাঁস মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নইলে আনোয়ারা-কর্ণফুলীতে তাঁকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। সরকার দলীয় এমপির এহেন আচরণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।