আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৪:৪৮:৫৭ || আপডেট: ২০১৯-০২-২৪ ১৪:৪৮:৫৭
বীর কন্ঠ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিশ্বব্যাংক। এ নিয়ে কানাডার আদালতে মামলাও হয়েছিল। কিন্তু সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর খননকাজ উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী।
আজ রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী এই খনন কাজ উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম শুধু বাণিজ্যিক শহরই নয়, এটি অপরুপ সৌন্দর্য্যেরও লীলাভূমি। দেশের অন্যন্যা স্থানের মতো চট্টগ্রামের উন্নয়নেও কাজ করছে সরকার। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম টানেল হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলীতে।
এর আগে, রোববার সকাল ১১টা ১০মিনিটে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এসময় স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণ প্রকল্পের বোরিং কার্যক্রম ও লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণে ব্যয় হবে ৯ হাজার ৮৮০ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা তিন হাজার ৯৬৭ কোটি টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা পাঁচ হাজার ৯১৩ কোটি টাকা।
দুই টিউবের মূল টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার। এর সঙ্গে টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৭২৭ মিটার ওভারব্রিজ নির্মাণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, ওয়ান সিটি টু টাউন মডেলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে সংযুক্তির উদ্দেশে এ টানেল নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি কক্সবাজারের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপিত হবে।
ফলে চট্টগ্রাম শহরের যানজট কমে আসবে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি ৩২ শতাংশ এবং ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। খবর – বাংলাদেশ প্রেস