চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় অবৈধ কারখানা গ্যাস সিলিন্ডার রিফুয়েলিং : মালিক গ্রেফতার; জরিমানা

প্রকাশ: ২০১৯-০২-২৭ ২২:৫৪:২৬ || আপডেট: ২০১৯-০২-২৭ ২২:৫৪:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বোতলজাত বিভিন্ন কোম্পানির খালি বোতল সংগ্রহ করে তাতে ৮-১০ কেজি গ্যাস ফিলিং করে বাজারজাত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ রিফুয়েলিংয়ের দায়ে একটি অবৈধ স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদ পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ফিলিং স্টেশন থেকে ১২ কেজি, ৩৫ কেজি এবং ৪৫ কোজি ওজনের প্রায় ৩ শত খালি ও ভর্তি সিলিন্ডার এবং বাজারজাতের কাজে ব্যবহৃত একটি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়। বুধবার বিকালে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার বাসিন্দা এনায়েত হোসেনের পুত্র আবদুর রহিম (২২), একই এলাকার বাসিন্দা ফয়েজ আহমদের পুত্র মোহাম্মদ করিম (৩৫) ও আবদুল জলিলের পুত্র মোহাম্মদ সালে (২২)। পরে ওই গ্যাস ফিলিং স্টেশনের মালিক আরাফাতুল ইসলাম শিপু ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির হয়। কিন্তু বৈধ কাগজপত্র ও অনুমতি না থাকা সত্ত্বেও বিপজ্জনকভাবে রিফুয়েলিং করার অপরাধে তাকে আটক করা হয়।

এ সময় আদালত আটক অন্য ৩ জনকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাবিবুল হাসান বলেন, ওই রিফুয়েলিং স্টেশনের কোন ধরণের অনুমতি নেই। তারা ঝুঁকিপূর্ণভুাবে কাজটি করছিল। এতে প্রাণহানীর সম্ভাবনা এবং প্রতারণা দুটোই ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আদালত এ বিষয়ে নিশ্চিত হয়। এ সময় কারখানার মধ্যে, আশেপাশে এবং ট্রাকে থাকা বিভিন্ন কোম্পানির প্রায় ৩ শতাধিক সিলিন্ডার, একটি ট্রাক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তিনি বলেন, এ কাজের জন্য মালিক শিপুকে এক মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।জরিমানার টাকা অনাদায়ে আরো তিন মাসসহ মোট চার মাসের সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ওই স্টেশনে ১১টি কোম্পানির খালি ও ভর্তি প্রায় ৩ শত সিলিন্ডার পাওয়া যায়। এসব সিলিন্ডারের মধ্যে বসুন্ধরা, বিন হাবিব, সুপার, জি গ্যাস, টোটাল, পোর্টম্যান, নাভানা, ওমেরা, বিএসবি, বিএম, এসএল কর্ণফুলী নামের কোম্পানিদের গ্যাস সিলিন্ডার এবং এক বোতল থেকে অন্য বোতলে গ্যাস ফিলিংয়ের সরঞ্জাম জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *