চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ২৪ মার্চ উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদে ২ ভাইস চেয়ারম্যান পুরুষ ৪ মহিলা ২ জনের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:৩২:৫৭ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:৩২:৫৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আগামী ২৪ মার্চ পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল (মঙ্গলবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২ ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ নারী মনোনয়ন পত্র দাখিল করেছেন। পটিয়া সহকরী রিটার্নিং অফিসার হাবিবুল হাসানের দপ্তরে তারা এ মনোনয়ন দাখিল করেন।

এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও বিএনপি নেত্রী আফরোজা বেগম জলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন আ’লীগ দক্ষিণ জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, ইসলামী ফ্রন্টের উপজেলা সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, মোহাম্মদ শাহাব উদ্দীন ও মাধাই চন্দ্র নাথ।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু এবং সুমি দে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র বাছাই ২৮ ফেব্রুয়ারী আর প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ ১৯ইং। নির্বাচন কমিশন সূত্র জানায়, পটিয়ায় ১৭ ইউনিয়ন ও ১টি ১ম শ্রেণীর পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ৬৬ ভোট। এতে আগামী ২৪ মার্চ সর্বমোট ১১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আওয়ামী লীগ : গতকাল উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান পদে ডা. তিমির বরণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু, ভাইস চেয়ারম্যান দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। সহকারী রিটার্নিং অফিসার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের হাতে তারা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

এর পূর্বে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় তাদের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, প্রবীণ আ’লীগ নেতা সাবেক দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী, মোজাহেরুল আলম চৌধুরী, জেলা আ’লীগ নেতা নাছির আহমদ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিসু সুলতান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, আজিমুল হক চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, চেয়ারম্যান এহসানুল হক, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, এম. এজাজ চৌধুরী, নাজিম উদ্দিন পারভেজ, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা নুর আলম সিদ্দিকী, এড. বেলাল উদ্দিন, এম.এ রহিম, মো. সুমন এবং পটিয়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

ইসলামী ফ্রন্ট : ইসলামী ফ্রন্ট প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভাইস চেয়ারম্যান পদে আবারো তার মনোনয়ন দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক মাওলানা আলহাজ¦ হাফেজ আহমেদ আল-কাদেরী, পটিয়া উপজেলার সহ-সভাপতি আলীখান, সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ, অর্থ সম্পাদক ইউসুফ জিলানী, পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক মওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম শওকত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলার সভাপতি মো: জমির উদ্দিন এবং পটিয়া উপজেলা পশ্চিমের সভাপতি আসহাব উদ্দি মুরাদ ও উপস্থিত ছিলেন আরো ফ্রন্টনেতা, সেনানেতা প্রমুখ।

স্বতন্ত্র প্রার্থী : স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে বাংলাদেশ নাথ সমিতি পটিয়া উপজেলা সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক মাধাই চন্দ্র নাথ তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় তার সাথে ছিলেন কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম. বেলাল চৌধুরী, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নুরু, আবু তৈয়ব জয়, দিদার চৌধুরী। গতকাল তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের শেষ দিনে পটিয়ায় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সকাল থেকে উৎসুক জনতা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হতে থাকে। এতে ক্ষমতাসীন আ’লীগের মনোনীত প্রার্থীরা তাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করলেও বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের দলীয় কোন প্রার্থী মনোনয়ন দাখিলে উপস্থিত হননি। তবে বিএনপির নারী নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি চেয়ারম্যান পদে তার এক সহকর্মীকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করেন।

এছাড়াও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ছৈয়দ আবু ছাঈদ বলেন, তৃতীয় ধাপের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৪ মার্চ। প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ছিল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের ফরম জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান বলেন, পটিয়ায় অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *