প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:৪৫:৫৫ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:৪৫:৫৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ফজলুল ইসলাম সেলিমের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে প্রার্থীর আপিলের প্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা এই ঘোষনা দেন। এর আগে যাছাই-বাছাই শেষে হলফনামা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করেছিল জেলা রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে একই পদে আয়কর রিটার্ন ও নতুন ব্যাংক হিসাব না খোলায় মনোনয়ন বাতিল করা অপর প্রার্থী শাহাদাত হোসেন তালুকদারের আপিল খারিজ করে দেওয়া হয়েছে। খবরটি মুঠোফোনে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও যাছাই-বাছাই শেষে দুইজনের মনোনয়ন বাতিল করেছিল জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে দুজনেই আপিল করলে আপিল শুনানিতে গতকাল মঙ্গলবার মো. ফজলুল ইসলাম’র মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি মনোয়ারা বেগম ও দিলু আক্তার।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি ও আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।