আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল ব্যতিত অপরাপর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাধাই চন্দ্র নাথ তার আয়কর সার্টিফিকেট দাখিল করতে না পারায় নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। জানা যায়, পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আফরোজা বেগম জলি ও আরেক স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ বলে তথ্য প্রকাশ করেন পটিয়া উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাঈদ। তিনি বলেন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পেয়ারু, তিমিরি বরণ চৌধুরী ও সৈয়দ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ হলেও আয়কর সার্টিফিকেট দাখিল করতে না পারায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মাধাই চন্দ্র নাথ’র মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু ও সুমি দে’র মনোনয়নপত্রও বৈধ বলে বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। আগামী ২৪ মার্চ পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে প্রধান বিরোধী দল ও রাজনৈতিক দলগুলো অংশ না নেয়ায় এটি একটি নিয়ম রক্ষার নির্বাচনে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাওয়ার কথা থাকলেও নানা রহস্যের জাল বুনার দিকেই এগিয়ে যাচ্ছে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে দীর্ঘদিনের ত্যাগী রাজনীতিবিদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছেন।
এছাড়াও আওয়ামী লীগ থেকে তিনি সহ এক সাথেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ভাইস চেয়ারম্যান পদে ডা. তিমির বরণ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম শিরু। এতে এ পদ গুলোতে একাধিক প্রার্থী নির্বাচনে থাকায় শেষ পর্যন্ত পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর হবে বলেই বিজ্ঞ মহলের অভিমত।