চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

নগরীর চান্দগাঁওয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে লাঠি মিছিল

প্রকাশ: ২০১৯-০৪-১২ ২৩:৫৭:৫৫ || আপডেট: ২০১৯-০৪-১২ ২৩:৫৭:৫৫

নিউজ ডেস্ক : চান্দগাঁও শমসের পাড়ায় অব্যাহত চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে মানববন্ধন ও লাঠি মিছিল কর্মসূচী পালন করছেন এলাকাবাসী৷ গতকাল শুক্রবার বাদ জুমা মসজিদের সামনে কয়েক হাজার মুসল্লি শমসের পাড়া পশ্চিম মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব এর সভাপতিত্বে মানববন্ধন ও লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাসির বিল্লাহ, মহল্লা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্কান্দর, মোজাম্মেল হোসেন, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, অর্ণব ক্লাব সভাপতি ঈসা রাসেল, সাধারণ সম্পাদক শাহাদাত সাইমন, মাসুদ স্মৃতি সংসদ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম, ইকবাল হোসেন রনি, নগর ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে আমরা রাস্তায় নেমেছি।

এলাকার শীর্ষ সন্ত্রাসী এসরাইলের নেতৃত্বে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে পড়েছে। চিহ্নিত এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা রীতিমতো লোকজন আটকে রেখে মুক্তিপণ আদায় করে, যখন যাকে খুশি মারধর কিংবা রক্তাক্ত করছে, অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মহড়া দেয়। কিন্তু থানা পুলিশ যেন কিছুই চোখে দেখেন না। চান্দগাঁওয়ের জনৈক আওয়ামীলীগ নেতার প্রশ্রয়ে তারা বহদ্দারহাটে নালা, ফুটপাত দখল করে দোকান বসিয়েছে এবং প্রতিদিন এসব দোকান ও মাইক্রো-টেম্পো ষ্ট্যান্ড থেকে মোটা অংকের চাঁদা আদায় করছে।

আমরা তাদের অত্যাচারে এলাকায় শান্তিতে বসবাস করতে পারছিনা। দ্রুত যদি এলাকার চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হয়, কঠোর কর্মসূচীর দেয়ার ঘোষণা দেন এলাকাবাসী। মানববন্ধন শেষে এলাকায় লাঠি মিছিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *