জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১২ ২৩:২৬:৫৬ || আপডেট: ২০১৯-০৪-১২ ২৩:২৬:৫৬
আনোয়ারা প্রতিনিধি :
পয়লা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে আনোয়ারায় পারকি সমুদ্রসৈকত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।রবিবার সকাল থেকেই সৈকতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে সিএমপির কর্ণফুলী থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়,পয়লা বৈশাখের নিরাপত্তায় সৈকত এলাকায় বন্দর পুলিশ ফাঁড়িসহ অতিরিক্ত এক প্লাটুন পুলিশ দায়িত্ব পালন করবে। পারকি সৈকতের সর্বত্র পুলিশের টহল জোরদার থাকবে। নারীদের জন্য দায়িত্ব পালন করবে নারী পুলিশ। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা ও বিশেষ শাখার সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়াও বারশত ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা শৃঙ্খলার দায়িত্ব পালন করবে।
পারকি সমুদ্রসৈকত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান,বর্ষবরণ উপলক্ষে পারকি সৈকত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর সৈকত এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বৈশাখ উপলক্ষে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হবে সেগুলো সন্ধ্যা ৬টার মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।