আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৩ ২২:৪৮:৩৫ || আপডেট: ২০১৯-০৪-১৩ ২২:৪৮:৩৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ছয় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের পাল পাড়ায় এক অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে নগদ অর্থ, স্বর্ণলংকারসহ ছয় পরিবারের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়। গতকাল শনিবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। আগুনে পাল পাড়ার মন্টু পাল, বিজয় পাল, অজয় পাল, শিবু পাল, জয় প্রকাশ পাল ও কানু পালের বসতঘর পুড়ে যায়। পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী মুহাম্মদ ইদ্রিস অগ্নি দূর্গত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল সহ নগদ অর্থ বিতরণ করেন। জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের পাল পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ওই এলাকার ছয়টি পরিবার এখন নি:স্ব। রাতে আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও বোয়ালখালী উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একযোগে চেষ্টা করে অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, ফায়ার সার্ভিস যথা সময়ে ঘটনাস্থলে না পৌছলে আরো ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমানে ৬টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ক্ষতিগ্রস্থদের নাম ও ক্ষতির পরিমানের তালিকা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।