চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শব্দযন্ত্র নিয়ন্ত্রণ রাখতে বিধিনিষেধ রাঙ্গুনিয়ার ইউএনও’র

প্রকাশ: ২০১৯-০৪-১৩ ২২:৩৭:২৫ || আপডেট: ২০১৯-০৪-১৩ ২২:৩৭:২৫

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া : শব্দ দূষণ প্রতিরোধে শব্দযন্ত্র নিয়ন্ত্রণে রাঙ্গুনিয়ায় বিধি নিষেধ বেঁধে দিয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (১২ এপ্রিল) থেকে উপজেলার বিভিন্ন এলাকায় উচ্চ শব্দের শব্দ যন্ত্র ব্যবহার সীমিত রাখতে শব্দ দূষন আইন মেনে চলতে মাইকিং (প্রচারণা) করা হচ্ছে। এর আগে মাইক-সাউন্ড সিস্টেম ব্যবসায়ী , কমিউনিটি সেন্টার ও সংশ্লিষ্টদের শব্দ দূষন আইন মেনে শব্দ যন্ত্রের ব্যবহারের জন্য চিঠির মাধ্যমে আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। গত মাসের ১৪ মার্চ নুর জাহান বেগম নামে এক স্কুল শিক্ষিকা শব্দ দূষনের প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ করেছেন। ওইদিনই দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনে “ শব্দদূষণের প্রতিকার চেয়ে ইউএনওর কাছে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়। প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষিকা নুরজাহান বেগম বলেন, “জনসাধারণের স্বার্থে শব্দযন্ত্র নিয়ন্ত্রণে ইউএনও মহোদয়ের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়।” তিনি ইউএনও ও গনমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন।

জানতে চাইলে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলার মাইক-সাউন্ড সিস্টেম ব্যবসায়ী , কমিউনিটি সেন্টার ও সংশ্লিষ্টদের শব্দ দূষন আইন মেনে শব্দ যন্ত্রের ব্যবহারের জন্য অবহিত করা হয়েছে। নিয়ম মেনে চলতে সব জায়গায় মাইকিং করা হচ্ছে। শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *