প্রকাশ: ২০১৯-০৪-১৩ ২২:৪১:৩৪ || আপডেট: ২০১৯-০৪-১৩ ২২:৪১:৩৪
আব্বাস হোসাইন আফতাব, প্রতিনিধি, রাঙ্গুনিয়া,: চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শারীরিক প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থী হাবীবুর রহমানের পাশে দাঁড়িয়েছেন তথ্যমন্ত্রি ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হাছান মাহমুদ। আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর মন্ত্রির বাসায় হাবীব ও তার বাবার হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে উৎসাহ যুগিয়েছেন হাছান মাহমুদ। আশ্বাস দিয়েছেন তার পড়ালেখা চালাতে যাতে সমস্যা না হয় সেই উদ্যোগ নেয়া হবে। দুটি হাত না থাকার পরও এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া রাঙ্গুনিয়ার হাবীবকে নিয়ে এ মাসের দুই তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসে তথ্য মন্ত্রী হাছান মাহমুদের। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের অটোরিকশাচালক রমজান আলী ও রাশেদা বেগম দম্পতির সন্তান হাবীবুর রহমান।
হাছান মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম বলেন, অদম্য হাবীব শারিরীক পরিস্থিতির মাঝেও এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তা পত্রিকার মাধ্যমে মন্ত্রি মহোদয়ের নজরে আসে। হাবীবের শিক্ষা সহায়তার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি। হাবিবের বাবা রমজান আলী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বয়স যখন পাঁচ বছর, তখন রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় হাবীবের একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্যটি থেঁতলে যায়। থেঁতলে যাওয়ার কারণে এক হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে হয়। প্রতিক্রিয়া জানতে চাইলে হাবীব ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাঁর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রি হাছান মাহমুদের প্রতি। মন্ত্রির দেয়া টাকা পড়ালেখার জন্য ব্যয় করবে বলে জানান।
বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে হাবীব। এসএসসিতে ৪ দশমিক ৮৬ পেয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছিল। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি এবং জেএসসি পরীক্ষায় ৪ দশমিক ৬৭ পায়।