চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

নববর্ষ বাঙালি সংস্কৃতির উজ্জ্বল দিক : আনোয়ারায় বর্ষবরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

প্রকাশ: ২০১৯-০৪-১৫ ০১:০৫:০৫ || আপডেট: ২০১৯-০৪-১৫ ০১:০৫:০৫

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,কোরআন হাদিসের কোথাও নববর্ষ পালনে বাধা নেই। প্রত্যেক জাতির নিজস্ব উৎসব আছে,বাঙালি হিসেবে নববর্ষ আমাদের উৎসব। এ উৎসব ম্লান করতে স্বাধীনতা বিরোধীরা,মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তারা আহমকের দল। বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকতে তাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।

রবিবার দুপুরে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ এ উৎসবের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
আগামী বছরে জমকালো বৈশাখী মেলা ও যাত্রাপালা আয়োজনের কথা জানিয়ে ভূমিমন্ত্রী আরো বলেন,পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্যের ধারকবাহক বাঙালি। এই বাঙালি সংস্কৃতির চিরায়ত রূপ ফুটে উঠে বাংলা নববর্ষের দিন। এটা বাঙালি সংস্কৃতির উজ্জ্বল দিক। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নববর্ষ বরণ বাঙালি জাতিসত্তাকে উজ্জ্বল করে।

বর্ষবরণ অনুষ্ঠান আমাদের প্রাণের অনুষ্ঠান। এ দিন অবাধ মেলামেশা,মাদক সেবন ও সন্ত্রাস ছাড়া সমস্ত আনন্দ-উল্লাস করা যাবে। নতুন বছরে দেশের প্রতিটি মানুষের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক। দেশ ও জাতির সুনাম আন্তর্জাতিক পরিমন্ডলে আরো বিস্তার লাভ করুক- এ প্রতাশা করেন মন্ত্রী।আলোচনা শেষে মন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *