মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৫ ২৩:৫০:২৪ || আপডেট: ২০১৯-০৪-১৫ ২৩:৫০:২৪
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পর্যটন স্পট উপবন লেক থেকে স্কুল ছাত্র দুলাল বড়ুয়া (১৭) কে নিখোঁজের ৭ ঘন্টার পর লাশ উদ্ধার করেছে ডুবুরি। সে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এস এস সি পরীক্ষা দেয়। রবিবার (১৪ এপ্রিল) ভ্রমণে এসে দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ি উপবন লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে গিয়ে সে নিখোঁজ হয়। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের ডাকভাঙ্গা এলাকার দিপু বডূয়া (প্রকাশ বিদুর) একমাত্র ছেলে। নিখোঁজ এই স্কুল ছাত্রকে উদ্ধার করাতে স্থানীয় লোকজন, কক্সবাজার এবং রামুর ফায়ার সার্ভিস টিম ব্যর্থ হলে পরে উপজেলা প্রশাসন, স্থানীয়দের সমন্বয়ে দফায় দফায় বৈঠকে উদ্ধারের কৌশল অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সে সিদ্ধান্ত মতে চট্টগ্রামের ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার কার্যক্রম সফল হয় বলে জানান স্থানীয়রা। পরিবার সূত্রে জানা যায়, দুলাল বন্ধুদের সাথে ১লা বৈশাখ নববর্ষের আনন্দ উৎসবে ভ্রমণ করতে নাইক্ষ্যংছড়ি পর্যটন উপবন লেকে আসেন। সহপাঠীদের সাথে লেকের পানিতে গোসল করতে নেমে সাঁতার কাটতে না জানায় ভ্রমণে এসে লাশ হয়ে ফিরল দুলাল। এদিকে দুলালের বন্ধুরা নিখোঁজ হওয়া ঘটনাটি প্রশাসনকে নিশ্চিত করেলে এদিন দুপুর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল নাইক্ষ্যংছড়ি ঘটনা স্থলে পৌঁছে রাত ৮ টায়। এরপর ডুবুরিরা তাদের কার্যক্রম শুরু করে ২০মিনিটের মাথায় নিখোঁজ দুলাল বড়ুয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ দুলাল বড়ুয়ার এক বন্ধু বলেন, পহেলা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষের দিনটি হলো বৌদ্ধদের বড়দিন। আমরা ৩০জন বন্ধু-বান্ধব মিলে নাইক্ষ্যংছড়ি পর্যটন উপবন লেকে আনন্দ উপভোগ করতে এসে, লেকে গোসল করতে গিয়ে আমরা সাঁতার কাটি।
তবে তাকে লেকের পাড়ের পানিতে নেমে গোসল করতে দেখি। পরে আমরা সবাই সাঁতার কাটা শেষ করে দেখি বন্ধু দুলাল নিখোঁজ। তাৎক্ষণিক আমরা সবাই উপজেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে নিখোঁজ হওয়ার কথা অবহিত করি। তখন প্রশাসন প্রাথমিকভাবে খোঁজাখুঁজির কার্যক্রম শুরু করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, নববর্ষের দিনটি ছিলো পর্যটকদের ভীড়। দুপুরে প্রশাসনের অনুষ্ঠান কর্মসূচী চলাকালীন নিখোঁজের ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সকল কার্যক্রমের ব্যবস্থা শুরু করেন তিনি।