শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৫ ২৩:৫২:৩৬ || আপডেট: ২০১৯-০৪-১৫ ২৩:৫২:৩৬
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে আবুল কালাম (৩৫) নামে মামলার বাদীকে গুলি করে হত্যা করেছে আসামিরা। আজ (১৫ এপ্রিল) সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে দক্ষিণ সরলের ২ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাদী ওই এলাকার মৃত মাস্টার কবির আহমদ মিয়াজীর পুত্র। সে ২ ছেলে সন্তানের জনক। বিগত বছরের সেপ্টেম্বর মাসে আসামীদের বিরুদ্ধে একটি মামলায় বাদী হয়েছিল আবুল কালাম। এতে ক্ষীপ্ত হয়ে জসিম, ওসমান ও শের আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। ঘটনার সময় আবুল কালাম দক্ষিণ সরল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভাইয়ের ঔষধের ফার্মেসীতে ডায়রিয়ায় আক্রান্ত পরিবারের সদস্যের জন্য সেলাইন ও ঔষধ আনতে গিয়েছিল। ঘটনার পর পরই তাকে বাঁশখালী হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের বড় ভাই আবুল হাছান মিয়াজী জানান, ফার্মেসীতে ঔষধ আনতে গিয়ে পুর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীদের গুলি আমার ভাই নিহত হয়। এর আগে গত বছর আমাদের বসতবাড়িতে গুলি ছুড়ার অভিযোগে আমার ভাই বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। মামলার ঘটনায় ক্ষীপ্ত হয়ে গতকাল তারা এই হত্যাকান্ড ঘটান। বাঁশখালী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।