চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

চান্দগাঁওয়ে মুসল্লিদের সন্ত্রাস বিরোধী সমাবেশ

প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:৫৪:৫৬ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:৫৪:৫৬

নিউজ ডেস্ক : চান্দগাঁও থানার আশ্রয়-প্রশ্রয়ে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে আবারও স্থানীয় জনগণ গতকাল শুক্রবার জুমার নামাযের পর মুসল্লিদের সাথে নিয়ে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন। এসব সমাবেশে বক্তারা যুবলীগ নামধারী এক শীর্ষ সন্ত্রাসীর কুকর্মের বিস্তারিত বিবরণ তুলে ধরে চান্দগাঁও থানার প্রশ্রয়ের কথা বলেন এবং চান্দগাঁওকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে র‌্যাবের অভিযান দাবি করেন। বক্তারা বলেন, সন্ত্রাসী এসরাইলের গডফাদার স্বঘোষিত নেতা ইসা ও বোমা মাহবুব সব অপকর্মে নীরবে সহযোগিতা দিয়ে আসছে।

স্থানীয় থানা এসব দেখেও নীরব, ওসি সাহেব বলেন আমি পত্রিকা পড়ি না তাই কিছু দেখি না। মূলত ওসির প্রশ্রয়ে এই এলাকায় চাঁদাবাজি ও মাদকের ব্যাপক প্রসার ঘটেছে।
নগরীর চান্দগাঁও থানা এলাকায় আইনশৃঙ্খলা চরম অবনতি হওয়ায় স্থানীয়রা গতকাল শমসের পাড়া পূর্ব মহল্লায় কয়েকশত মানুষ মানববন্ধন ও লাঠি মিছিল কর্মসূচী পালন করেন। এই সময় বক্তারা ক্ষোভের সাথে বলেন, দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা ভয়াবহ রূপ ধারণ করেছে। বাড়ি নির্মাণ থেকে শুরু করে দোকান, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাত থেকে পরিবহন খাত সবদিকে সন্ত্রাসীরা চাঁদাবাজিতে তৎপর। সম্প্রতি চাঁদা না দেয়ায় শমসের পাড়া এলাকায় এক ব্যবসায়ীকে ড্রিল মেশিনে দুই পা ফুটো করে দেয় চিহ্নিত অপরাধীরা। এ ঘটনায় আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার দেওয়া হচ্ছে, যখন যাকে ইচ্ছে হামলা চালানো হয়। বিভিন্ন ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায় করা নিত্যদিনের ঘটনা। এছাড়া, প্রতিদিন ছিনতাইয়ের শিকার হচ্ছেন লোকজন। হাত বাড়ালে মিলছে ইয়াবা। এলাকার তরুণ কিশোর ব্যাপক মাদকাসক্ত হয়ে পড়েছে। অনেক ছেলেরা নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে গেছে।

চান্দগাঁও এলাকায় সমস্ত সন্ত্রাসী কার্যকলাপের নেপথ্যে আজরাইল বাহিনী। বিগত দিনে অসংখ্যবার অস্ত্রসহ গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত হয়েও এই বাহিনীর প্রধানকে দমাতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ব্যর্থ। স্থানীয় থানা পুলিশকে রীতিমতো মাসোহারা দিয়ে নিয়ন্ত্রণে রাখছে এই সন্ত্রাসী বাহিনী। এমতাবস্থায় র‌্যাবের হস্তক্ষেপ ছাড়া দুর্ধুষ এই সন্ত্রাসী বাহিনী নির্মূল করা সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ ও অবৈধ অস্ত্র উদ্ধার পূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের বিশেষ অভিযান পরিচালনার দাবি জানান স্থানীয়রা। কর্মসূচীতে স্থানীয় মুরব্বিদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ আইয়ুব, ইব্রাহীম খলীল, মোঃ শওকত হোসেন, নাছির বিল্লাহ, মাহবুবুল আলম, মোহাম্মদ শাহজাহান, মহিউদ্দিন জুয়েল, মোহাম্মদ ইস্কান্দার, জিয়াউর রহমান, হারুনুর রশীদ, তাজুল ইসলাম, আজগর আলী প্রমুখ। মানববন্ধন শেষে লাঠি মিছিল বের করা হয়। প্রসঙ্গত, গত শুক্রবারও পশ্চিম শমসের পাড়ায় সন্ত্রাসী বিরোধী কর্মসূচী পালন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *