শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২০ ২৩:২০:২৩ || আপডেট: ২০১৯-০৪-২০ ২৩:২০:২৩
খাগড়াছড়ি,প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন। শনিবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে জেলা শহরের শাপলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, উন্নয়ন কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পরিবেশ সুরক্ষা আন্দোলনের সাধারন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, সমাজকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা।
এসময় অধ্যাপক মধু মঙ্গল চাকমা, অ্যাডভোকেট রতন কুমার দে, অধ্যাপক সত্যজিৎ চৌধুরী, নারী নেত্রী নমিতা চাকমাসহ প্রমূখ উপস্থিত ছিলেন। সরকারের কঠোর অবস্থান না থাকার কারণে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলছে উল্লেখ্য করে বক্তারা বলেন, নুসরাতের ঘটনা শুরু থেকে গুরুত্ব সহকারে দেখলে তাকে মরতে হতো না বলেও তারা মন্তব্য করেন। মানববন্ধন থেকে অবিলম্বে নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন করতে সরকারের কঠোর অবস্থানের দাবি জানানো হয়।