জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২২ ০০:২৮:৩৩ || আপডেট: ২০১৯-০৪-২২ ০০:২৮:৩৩
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন,মানবতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। নিজের দেশকে ভালোবাসতে হবে,দেশের মানুষকে ভালোবাসতে হবে। তা নাহলে প্রকৃত মানুষ হওয়া যাবে না। পৃথিবীতে সবচেয়ে বড় হলো মানুষ। এই মানবপ্রেমের চেয়ে বড় কোনো ধর্ম নেই। মানবতাই মানবজীবনের শ্রেষ্ঠ কর্ম আর শ্রেষ্ঠ ধর্ম। রবিবার দুপুরে উপজেলার বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ে ফায়েল খায়ের ও একাডেমিক ভবন উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কবির আহামদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জানে আলম,উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল ও মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওসমান গণি এতে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বারশত ইউনিয়নের তিনটি সড়কের উদ্বোধন করেন।
ভূমিমন্ত্রী আরও বলেন,শিক্ষার কোনো বিকল্প নেই। উচ্চ শিক্ষিত নয়,সুশিক্ষিত নাগরিক হতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোতে উচ্চ শিক্ষার চেয়ে সুশিক্ষিত নাগরিক বেশি। তারা কারিগরী শিক্ষাকে প্রধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এজন্য এসব দেশের সমৃদ্ধি দিনদিন বাড়ছে। আমাদের দেশেও কারিগরী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষায় শিক্ষিত হলে হবে না মানুষের মতো মানুষ হতে হবে। আর মানুষ গড়ার কারিগর হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকরা। তারা যেন আমাদের ছেলেমেয়েদর প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন এ প্রত্যাশা সবার।