জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:৫৪:৫৯ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:৫৪:৫৯
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় নির্বাচন কমিশনার মো.রফিকুল ইসলাম বলেছেন,ভোটার তথ্য সংগ্রহ করা সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্বে অবহেলা করা রাষ্ট্রদোহীতার সমান। সুতরাং তথ্য সংগ্রহকারীদের কেউ দায়িত্বে অবহেলা করবেন না। সঠিক,নির্ভুল তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো.মফিজ উদ্দিন। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
ভোটার তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আরও বলেন,ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এ দায়িত্বে অবহেলা করা মানে জগন্যতম অপরাধ। তাই চায়ের স্টলে বা রাস্তাঘাটে বসে তথ্য সংগ্রহ করবেন না। যাতে ভোটারদের পরবর্তীতে ভোগান্তিতে পড়তে না হয় সেভাবে তথ্য নেবেন। ছবি সম্বলিত ভোটার তালিকা কার্যক্রমের শুরু থেকে এই পর্যন্ত আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটিকে আমি নিজ সন্তানের চোখে দেখি। আর এই সন্তানের জন্মদাতা হচ্ছেন আপনারা। আপনাদের সঠিক,নির্ভূল তথ্যে একজন ভোটার পাবেন তার জাতীয় পরিচয়পত্র।