আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:২২:৪৯ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:২২:৪৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক জমির উদ্দিন বুলু বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়া। এ পটিয়ায় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার মাধ্যমে যুব সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে পটিয়া আবাহনী ক্রীড়া চক্র। এ সংগঠন ক্রীড়ার মাধ্যমে অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মাণে কাজ করেছে। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জল নক্ষত্র ছিলেন। তার আদর্শে আবাহনী উজ্জীবিত। তিনি পটিয়া আবাহনী ক্রীড়া চক্রকে ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় তৈরির জন্য একটি ক্রীড়া কারখানা হিসেবে গড়ে তুলতে দক্ষ সংগঠকদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের আহবান জানান।
এ উপলক্ষে আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, হাবিবুল ইসলাম, এজাহার মিয়া, নুরুল ইসলাম, প্রদীপ সর্দ্দার, মো. হারুন, অজিত সর্দ্দার, আনোয়ার হোসেন, জালাল উদ্দিন, সাইফুদ্দিন, মো. আলমগীর, মো. নাঈম, আবদুল কাদের প্রমুখ।