চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক : পটিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ০০:৩০:৪৭ || আপডেট: ২০১৯-০৪-২৪ ০০:৩০:৪৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে জালাল উদ্দিন (৫০) নামে এক বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ী দিনাজপুর বলে জানা গেছে। তার চালিত গাড়ি শ্যামলী পরিবহন নং ঢাকা মেট্রো-ব-১৪-৭৪০২। শ্রমিক নেতৃবৃন্দ জানান, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই তার প্রকৃত পরিচয় পাওয়া যাবে।

গত সোমবার রাত ১১টায় পটিয়া উপজেলার শান্তির হাটের ভেল্লাপাড়ার বকুলের বালি মহাল এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে প্রকাশ। তবে ঘটনাটি পটিয়া না কর্ণফুলী তা নিয়ে দুই থানার মধ্যে রশি টানাটানি হলেও শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় শ্রমিক ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইয়াছিন জানান, ভেল্লাপাড়া ব্রিজের সন্নিকটে বকুলের বালি মহালে এ ঘটনাটি ঘটে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশের উর্দ্ধতন একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল চিহিৃত করতে কাজ করছে পটিয়া ও কর্ণফুলী থানা পুলিশ। গতকাল রাতে জেলা ও মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল চিহিৃত করতে ভেল্লাপাড়া এলাকায় অবস্থান করছেন। ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন বকুলের বালি মহালের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ ছবুর জানান, তিনি রাতে ৩টি গাড়ি নিয়ে পুলিশের মত লোকজন বাস থামিয়ে তল্লাশি করতে এবং চালককে নিচে নামিয়ে আনতে দেখেন। তবে তাকে মারধর করা হয়েছে কিনা তা সে দেখেনি। ঐ ঘটনার প্রতিবাদে গতকাল আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করতে বৈঠকে বসেন পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা জানান, দায়ীদের আইনের আওতায় আনার দাবিতে প্রথম দফায় ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে রবিবার থেকে ২৪ ঘণ্টার কর্মসূচি দেওয়া হবে। এরপরও দাবি আদায় না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বাসের সুপারভাইজার আজিম উদ্দিন জানান, সোমবার রাত ৮টায় যাত্রীবাহী বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে বাসটি পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এলে সেখানে ডিবি সদস্য পরিচয় দিয়ে আনুমানিক ৭ জন পুরুষ বাসটি থামান। এরপর তারা বাসে উঠে তল্লাশি করেন।

এ সময় তারা চালককে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে তাকে পেটানো হয়। জালালকে বাসের ভেতরে এনে ইয়াবা কোথায় রেখেছে জানতে চায়। চালক তার কাছে কোনো ইয়াবা নেই জানালেও ক্ষুব্ধ ডিবি পুলিশ সদস্য পরিচয় দানকারীরা তাকে রাস্তার পার্শ্ববর্তি অন্ধকারে নিয়ে যায়। সেখানে তাকে লাঠি দিয়ে পেটানো হয় এবং রাস্তায় ফেলে লাথি দেওয়া হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে রেখে তারা চলে যায়। আহত চালক বাস চালাতে অক্ষম হয়ে পড়লে বিকল্প চালক এনে বাসটি নগরীর কর্নেলহাট নেয়া হয়। জালালের অবস্থা আরো আশংকাজনক হলে রাত আড়াইটার দিকে আমরা ড্রাইভার জালালকে চমেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থল পটিয়ায় নয় কর্ণফুলী থানাধিন বকুলের বালু মহালের সামনে চালককে পিটিয়ে হত্যার বিষয়ে নিশ্চিত হয়েছি আমরা। কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ জানান, ঘটনাস্থল পটিয়া বলে জেনেছি। এরপরও যদি ঘটনাস্থল কর্ণফুলী থানা এলাকায় হয় তবে আমরা দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *