শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৫ ০০:১৭:৫৫ || আপডেট: ২০১৯-০৪-২৫ ০০:১৮:৪৮
খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, নির্বাচনের নামে ক্ষমতা দখলের জন্য রাতের আধাঁরে ভোটের বাক্স ভর্তি করে কারচুপির মাধ্যমে জয়লাভ করলেই দেশের জনগনের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়। জিয়া পরিবারের জনপ্রিয়তায় আওয়ামীলীগ ভীত বলেই প্রতিহিংসার শিকার বেগম জিয়া। সরকার পতনের মাধ্যমে বেগম জিয়াকে করামুক্ত করা হবে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা কৃষক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজ দলের ষড়যন্ত্রকারীদের থেকে নেতাকর্মীদের শর্তক থাকার আহ্বান জানিয়ে এসময় তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের দলে কোন স্থান নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবৈধ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব বলেও মন্তব্য করেন ওয়াদুদ ভূইয়া। এর আগে টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কেন্দ্রীয় কৃষক দলের আহবায়ক শামসুজ্জামান দুদু। খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি গফুর আহম্মদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে কৃষক দলের সম্মেলন প্রস্তুতি কমিটির চট্টগ্রাম বিভাগের আহবায়ক এম এ হালিম, সদস্য সচিব এডভোকেট রবিউল হাসান পলাশ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, এডভোকেট আব্দুল মালেক মিন্টু প্রমূখ বক্তব্য রাখেন।
পরে, পারদর্শী বড়–য়াকে সভাপতি, নীলপদ চাকমাকে সাধারণ সম্পাদক ও মো: হান্নান সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট্য খাগড়াছড়ি জেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষনা করা হয়।