চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় কৃষকের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:০৩:১৩ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:০৩:১৩

চকরিয়া অফিস : ইভটিজিংয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পাহাড়ি এলাকা মুকিয়াঘোনা গ্রামে এক কৃষকের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন, মুকিয়াঘোনার পাহাড়ি এলাকায় পেকুয়া, কুতুবদিয়া ও চকরিয়ার নদীভাঙনের শিকার লোকজন বসবাস করে। ২১ এপ্রিল শবে বরাতের দিন সকালে গরু জবাই নিয়ে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে গিয়ে বসবাস করা লোকজনের মধ্যে মারামারি হয়। ওই দিন দুপুর দুইটার দিকে একটি পুকুরে কয়েকজন নারী গোসল করার সময় ঢিল ছুঁড়ে মারেন স্থানীয় কয়েকজন বখাটে। এ নিয়ে আবারও মারামারি হয়। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে ক্ষিপ্ত হন স্থানীয়রা।

মুকিয়াঘোনা এলাকার জালাল আহমদের ছেলে কৃষক লিয়াকত আলী বলেন, লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় বেলাল উদ্দিনের নেতৃত্বে ১০-১২জন ব্যক্তি তাঁর বসতঘরে আগুন দেয়। এসময় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান আরমান মারধর করে দুর্বৃত্তরা। লিয়াকত আলী বলেন, আগুনে তাঁর বসতঘর, প্রয়োজনীয় কাপড় চোপড়, আসবাবপত্র, দেড়শত আড়ি ধান, পাসপোর্ট ও নগদ টাকাসহ অন্তত ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় থানায় মামলার করবেন বলে জানান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বসতঘর পুড়িয়ে দেওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। সত্যতা পেলে অবশ্যই মামলা রুজু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *