জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:৩৫:৪০ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:৩৫:৪০
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে পারকি সৈকতের বেড়িবাঁধ এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় কয়েক‘শ বাসিন্দা এ বিক্ষোভ করেন। এ সময় সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি যোগে আসা কয়েকজন চিহ্নিত পতিতাকে ফিরিয়ে দিয়েছে তারা। সমাবেশ থেকে অবিলম্বে অবৈধ বস্তি উচ্ছেদ,মাদক ব্যবসা বন্ধ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা শাহেদুল ইসলাম বলেন,প্রশাসনের যোগসাজশে দীর্ঘদিন ধরে পারকি সৈকতে মাদক ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ করে পুরো এলাকাকে একটি শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে হবে। এটাই স্থানীয় বাসিন্দাদের প্রাণের দাবি। আমরা বড় ধরনের সংঘাত এড়াতে ওইসব অবৈধ দোকানে হামলা চালায়নি। আজ থেকে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। এরপর অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে তারা একটি মিছিলও বের করেন।
চট্টগ্রাম জেলা সৈকত ব্যস্থাপনা কমিটির সদস্য ও বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ বলেন,পারকি সৈকতে এসব অনৈতিক কর্মকান্ড দীর্ঘদিনের। পুলিশ প্রশাসন নিয়ে আমি কয়েকবার অভিযান চালিয়েছি। এরপরও এসব বন্ধ তো হচ্ছেই না বরং দিনদিন আরও বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের জানানো হয়েছে।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন,এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সৈকতে পুলিশের অভিযান অব্যাহত আছে।