প্রকাশ: ২০১৯-০৪-২৭ ১৭:৫৫:৪৮ || আপডেট: ২০১৯-০৪-২৭ ১৭:৫৫:৪৮
বীর কণ্ঠ ডেস্ক:
আদালতের আদেশে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি নেতারা আলাদা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন এ দলের নেতৃত্বে আছেন সাবেক জামায়াতে ইসলামী নেতা ও সাবেক ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বিজয় নগরে হোটেল-৭১‘র এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয়া হয়।
জামায়াতের সংস্কারপন্থি নেতাদের নিয়ে গঠিত নতুন এ দলের নামকরণ করা হয়েছে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’।
বর্তমানে জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু এক সময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি। মঞ্জুর দাবি, এই রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে এই সংগঠন।
আত্মপ্রকাশ করা এই সংগঠন পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে। এই উদ্যোগে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মঞ্জু নিজেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রফেসর কুরবান আলী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামসহ অন্যরা।
প্রসঙ্গত, একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরুর পরই চাপে পড়া জামায়াতের মধ্যে একটি অংশ দলে সংস্কারের দাবি তোলে। এরই মধ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক গত বছর একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত ছেড়ে যাওয়ার পর তা আরও গতি পায়।