জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৮ ২৩:৪২:৪৫ || আপডেট: ২০১৯-০৪-২৮ ২৩:৪২:৪৫
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে চলছে নানা অসামাজিক কার্যকলাপ। দিবালোকে এ অনৈতিক কাজ চললেও অদৃশ্য কারণে নিরব প্রশাসন। সৈকতে যারা ঘুরতে আসে তাদের অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এসব অসামাজিক কার্যক্রম দেখে উদ্বিগ্ন অভিভাবকরা। এসবে জড়িতরা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী একাধিকবার আন্দোলন করেও বন্ধ করতে পারেনি। এ নিয়ে খোদ স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আজ (সোমবার) উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনার কথা রয়েছে। এমনটি জানালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
সরেজমিন দেখা যায়, সৈকতের ঝাউ বাগানে জোড়ায় জোড়ায় ছেলে-মেয়ে বসে আছে। সেখানে রয়েছে ছেলে-মেয়েদের একান্তে সময় কাটানোর জন্য ছোট ছোট খুপড়ি ঘর। প্রতি ঘরের ভাড়া নেওয়া হয় ঘন্টায় পাঁচশ থেকে এক হাজার টাকা। আর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে আপত্তিকর কর্মকান্ড। শুধু তাই নয়,অনেক ঘরে মেয়ে রেখেও এ ব্যবসা চালায় প্রভাবশালীরা। পাশাপাশি প্রকাশ্যে চলে ইয়াবাসহ মাদক সেবন। সৈকতের এক দোকান কর্মচারী জানান,বুঝেন তো সৈকত হচ্ছে বিনোদনের জায়গা। একটু এদিক-সেদিক না হলে চলবে কি করে। পারকি সৈকত ব্যবসায়ী সমিতির সাধারণ-সম্পাদক জামাল উদ্দিন বলেন,এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না।
চট্টগ্রাম জেলা সৈকত ব্যবস্থাপনা কমিটিরসদস্য ও বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন,পারকি সৈকতের অসামাজিক কাজ কোনো ভাবেই বন্ধ হচ্ছেনা। কোন খুঁটির জোরে তারা এতো শক্তিশালী তাও জানিনা। আমরা অপরাধীদের কাছে অনেকটা অসহায় হয়ে পড়েছি। এ অবস্থায় প্রশাসন এগিয়ে না এলে পারকি সৈকতের সুনাম ঐতিহ্য বলেকিছুই থাকবেনা।