প্রকাশ: ২০১৯-০৫-০৭ ১৫:০৪:০২ || আপডেট: ২০১৯-০৫-০৭ ১৫:০৪:০২
লোহাগাড়া অফিস:
কক্সবাজারের টেকনাফে সোমবার রাতে বরইতলী এলাকায় একটি পাজেরো থেকে ১ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয় মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকা।
আটকরা হলেন লোহাগাড়ার কাঁচাবাজার সংলগ্ন বাড়ীর আবু তাহেরের ছেলে তারেক হোসেইন, ঢাকা মিরপুর-১০ নম্বর, ব্লক-এ, রোড-৭, হাউস নং-৯ এর বাসিন্দা আমিনুর রহমানের ছেলে আরিফুর রহমান, ফরিদপুর বোয়ালমারী রূপাপথ এলাকার খোকন কাজীর ছেলে কাজী হোসেন।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, একটি পাজেরো টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার আসছে এমন খবর পেয়ে বরইতলী এলাকায় অবস্থান নেয় র্যাব। এসময় পাজেরোতে তল্লাশি করে ১ হাজার ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা কৌশলে মাদক পাচার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের পাজেরোর মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে, তারেক আটক হওয়ার খবরে এলাকার সচেতনমহল স্বস্তির নি:শ্বাস ফেলেছেন। তারেক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এলাকায় ‘বাবা তারেক’ নামে পরিচিত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাপড়ের দোকান ব্যবসার আড়ালে সে মাদক ব্যবসা করে যাচ্ছে। তার মাদক ব্যবসার জনশ্রুতি থাকলেও প্রশাসন তাকে আটক করতে পারেনি। তার আটকের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার সচেতনমহলের মাঝে আনন্দ দেখা দেয়, অপরদিকে রাতেই তারেকের সহযোগিরা গা ঢাকা দেয় বলে জানা গেছে।