চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সাংবাদিক আকাশের ওপর হামলাকারীদের আশ্রয়দাতাদেরও খুঁজে বের করতে হবে

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ০২:৩১:৩১ || আপডেট: ২০১৯-০৫-০৭ ০২:৩১:৩১

দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক এম এস আকাশের ওপর হামলাকারীসহ তাদের গডফাদারদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে চট্টগ্রামের বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, শুধু হামলাকারী দুর্বৃত্ত নয়, সাংবাদিক আকাশের ওপর হামলাকারীদের আশ্রয়দাতাদেরও খুঁজে বের করতে হবে। এ ঘটনার অন্তরালে যদি ফটিকছড়ির চিহ্নিত গডফাদারদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাদেরকেও ছাড় না দেয়ার হঁশিয়ারি জানানো হয়।

বক্তারা বলেন, এম এস আকাশ একজন সৎ,সাহসী ও মেধাবী সাংবাদিক। জনপ্রতিনিধির পোশাকে এক শ্রেণির লুটেরা গোষ্ঠী ফটিকছড়িতে সরকারি বরাদ্দ লুটপাট করছে ।

সরকারি বালি মহাল থেকে বিনা ইজারায় বালি লুটপাট করছে । আকাশ তার লেখনির মাধ্যমে এসব দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেয়ায় লুটেরা গোষ্ঠি সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে তাকে হত্যার চেষ্টা চালায়।

তারা বলেন, এ ঘটনার পর ফটিকছড়ির সাংসদ হিসেবে সৈয়দ নজিবুল বশর এখনো পর্যন্ত আকাশকে হাসপাতালে এক নজর দেখতে যাননি। নেননি তার চিকিৎসার খোঁজখবর। উল্টো তার আচরণ আকাশের ওপর হামলাকারীদের পক্ষে বলে প্রচার রয়েছে ।

 

অন্যদিকে হামলাকারীরা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যানের অনুগত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এতে করে প্রতীয়মান হয় যে হামলাকারীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের যোগসাজস রয়েছে।

 

সাংবাদিক নেতারা বলেন, এক বছর আগে আকাশের বিরুদ্ধে ৫৭ ধারায় দুটি মামলা করানো হয়। ওই দুই মামলার বাদী ছিলেন জামায়াত পন্থি এক ঠিকাদার ।

 

মামলার এক বছর পর তার ওপর পরিকল্পিতভাবে হামলাকারী এসব কথিত জনপ্রতিনিধির লালিত সন্ত্রাসীরা। বক্তারা বলেন, সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়াবেন না। দেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদেরও রক্ত ঝড়েছে।

 

সাংবাদিক নেতারা বলেন, শেখ হাসিনা সাংবাদিকবান্ধব একজন প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের কল্যাণে নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন। অথচ খোলস পাল্টানো এক শ্রেণির জনপ্রতিনিধি সাংবাদিক সমাজকে রাষ্ট্রের মুখোমুখি করছে।

 

নেতারা পুলিশের উদ্দেশে বলেন,সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিবেন না। আকাশের ওপর হামলাকারীদের গ্রেফতার করুন সে যে দলের বা পক্ষেরই হোক।

 

চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সদস্য সচিব ও বিএফইউজে’র সাবেক সদস্য মো. ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে সদস্য আযহার মাহমুদ, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ফোরকান আবু, ধর্মপুর স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পূণর্মিলনী পরিষদের সভাপতি মো. শাহজাহান চৌধুরী, সদস্য সচিব মো. লোকমানুল আলম, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক কর্মী সোমা মুৎসুদ্দি, ইসলামী ফ্রন্ট নেতা অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আবুল বশর প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *