আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০৯ ২৩:৫৫:৩১ || আপডেট: ২০১৯-০৫-০৯ ২৩:৫৫:৩১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : “তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই স্লোগানে হাসপাতালে সেবা নিতে আসা লোকজনকে বান্দরবান সদর হাসপাতালের সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক ‘ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক’ ক্যাম্পেইন ৯ মে ২০১৯ হাসপাতালের আউটডোরের প্রধান গেইটে পরিচালিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পটিয়ার সহযোগিতায় ইয়েস ফ্রেন্ডস দল বান্দরবানের সদস্যরা উক্ত ক্যাম্পেইন পরিচালনা করেন। উক্ত কার্যক্রমের মাধ্যমে হাসপাতালে আগত রোগীদেরকে স্বাস্থ্যসেবা সর্ম্পকিত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়, যেমন: বিনামূল্যে পাওয়া ওষুধের তালিকা; রোগীদেরকে বিনামূল্যে খাবার সরবরাহের তালিকা; বিভিন্ন এক্স-রে ও প্যাথলজীক্যাল পরীক্ষার নির্ধারিত ফি; অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে রোগী দেখার সময়কাল; চিকিৎসা নিতে এসে জরুরী বিভাগ ও অন্যান্য বিভাগে কোন ফি বা বকশিস না দেয়া; হাসপাতালের ভিতরে ও বাহিরে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা; রোগী, রোগীর অভিভাবক এবং হাসপাতাল কতৃপক্ষ (ডাক্তার, স্টাফ, নার্স, ওয়ার্ড বয়) পরস্পরের সাথে ভাল ব্যবহার বিনিময় করা, এ্যম্বুলেন্স ব্যবহার করার নিয়ম ও নির্ধারিত ফি প্রভৃতি। ক্যাম্পেইন সকাল ন’টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।
উল্লেখ্য, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নেওয়া উল্লেখিত তথ্যের উপর ভিত্তি করে তৈরী করা একটি ভাঁজপত্র রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ধরণের ভাঁজপত্র রোগী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরণের কার্যক্রমের প্রশংসা করেছেন। এদিন ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক উদ্বোধন করেন বান্দরবান জেলার সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: প্রত্যুষ পল ত্রিপুরা, টিআইবি পটিয়ার এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিন এবং হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এদিন ক্যাম্পেইন পরিচালনা করেন ইয়েস পটিয়ার দলনেতা দীপ্ত বড়ুয়া, ইয়েস সদস্য প্রান্ত নাথ, ইয়েস ফ্রেন্ডস বান্দরবানের সহ-সমন্বয়ক শারমিন সুলতানা, সদস্য উচ মারমা, আনিসুল ইসলাম ও আওলাদ উদ্দিন ইমরান। এসময় সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, সনাক-টিআইবি’র তরুণ ইয়েস ফ্রেন্ডস দলের পরিচালিত ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এর মাধ্যমে রোগীরা সহজে হাসপাতালের সেবা সম্পর্কে জানতে পারছে। হাসপাতালের সেবা সম্পর্কিত যে তথ্যপত্র তৈরী করা হয়েছে তা থেকে রোগীরা হাসপাতালের সেবা সম্পর্কিত সব তথ্য সহজে জানতে পারবে, কোন সেবার জন্য কত টাকা লাগবে তা এ তথ্যপত্রে উল্লেখ থাকায় রোগীরা হয়রানীমুক্তভাবে সেবা নিতে পারবে। তিনি এ ধরণের তথ্য ও পরামর্শ ডেস্ক হাসপাতালে নিয়মিত পরিচালনা করার জন্য অনুরোধ করেন। এদিন ১৩২ জন নারীসহ মোট ১৯৫ জনকে বিভিন্ন তথ্য ও পরামর্শ দেয়া হয়।