নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-১১ ০২:০৬:০৩ || আপডেট: ২০১৯-০৫-১১ ০২:০৯:৩১
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্বতাঁতী পাড়া এলাকায় প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ১০ মে শুক্রবার দুপুরবেলা ঘরের বীমের সাথে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন। নিহতের নাম ইয়াছমিন।
সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নতুন বাজার এলাকার আজু শাহ্ মাজার সংলগ্ন এলাকার জালাল উদ্দিনের কন্যা এবং দুই সন্তানের জননী। জানা যায়, নিহত ইয়াছমিনের সাথে ১০ বছর আগে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্বতাঁতী পাড়া এলাকার ওসমান গনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সাত বছর আগে ওসমান গনি মালয়েশিয়া পাড়ি দেন। দীর্ঘ ৭ বছর পর দেশে আসেন ওসমান। দেশে এসেই দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের পরিবারে মাঝে বৈঠকের সিদ্ধান্ত হয়।
শুক্রবার বৈঠকেরও কথা ছিল। তবে বৈঠক হওয়ার আগেই প্রবাসী ওসমানের স্ত্রী ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই মোঃ বেলাল ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূ ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ শেষে লাশটি থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে, নিহত ইয়াছমিনের পরিবারের দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আত্মহত্যা বলে চালিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ির লোকজন।
আগামী ১৪ মে ওসমান গণির মালয়েশিয়ায় যাত্রার দিন ধার্য্য থাকলেও ঘটনার পরপরই নিহত ইয়াছমিনের স্বামী ওসমান গনি লাশটি রেখে আত্নগোপনে চলে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত ইয়াছমিনের ভাই খোরশেদ আলম বলেন, তার বোন জামাই দীর্ঘ ৭ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসে। তার বোনকে দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার আগের দিন ইয়াছমিনকে তার স্বামী মারধর করে। ঘটনার দিন দুপুরে তার ঝুলন্ত লাশ পড়ে আছে বলে জানতে পারেন। ইয়াছমিনকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে নিহত ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমতে, এটি হত্যা নাকি আত্নহত্যা?। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছেনা। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।