আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-২০ ০২:০৬:১১ || আপডেট: ২০১৯-০৫-২০ ০২:০৬:১১
বীর কন্ঠ ডেস্ক :
নগরীর কোতোয়ালিতে পুলিশের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন পুলিশ সদস্য। রোববার (১৯ মে) রাত রারোটার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম মো. মনসুরের (৪০)। তার বাড়ি রাঙামাটি জেলায়। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই তারেকুজ্জামান ও অমিত।
জানা গেছে, টাইগার পাস এলাকা থেকে সিএনজি নিয়ে নিউ মার্কেটের দিকে আসছিল। পরে পুলিশি চেক পোস্টকে এড়িয়ে পালাতে গিয়ে পলোগ্রাউন্ডের দিকে যায়। সেখানে পুলিশও পিছু নেয়। এসময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও গুলি করে। দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হলে ছিনতাইকারী ও দুই পুলিশ সদস্য আহত হয়। আহত ছিনতাইকারী হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া জানান, রাত সোয়া ১২টার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, নিহত মনসুরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় তিনটি ছিনতাই ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও জব্দ করা হয়।