আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:৪৩:৩৩ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:৪৩:৩৩
বীর কন্ঠ ডেস্ক :
নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকা থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ মে) ইফতারের সময় নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় বলে জানান এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মৃণাল কান্তি মজুমদার।খবর – বাংলানিউজ
এ সময় টহল পুলিশ সাইফুল (২৬) ও ইকবাল (৩৫) নামে দুইজনকে আটক করেছে। টাকাগুলো উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে দিয়ে যাওয়ার সময় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কয়েকজন ছিনতাইকারী। পরে পুলিশ দুইজনকে আটক করে এবং টাকাগুলো উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজন পালিয়ে যায়।
নোবেল চাকমা জানান, ফরিদ উদ্দিন নামে এক ব্যবসায়ী পাথরঘাটা থেকে প্রাইভেট সিএনজিচালিত অটোরিকশায় করে বোয়ালখালী যাচ্ছিলেন। নন্দনকাননে বৌদ্ধ বিহারের সামনে পৌঁছালে চারজন ছিনতাইকারী অটোরিকশাটি থামিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।