আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:০৭:০৫ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:০৭:০৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়া থানার মোড়ে যানজট তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে রমজান মাস শুরুর পর থেকে এ যানজটে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তী চরমে পৌঁছে। এতে ভুক্তভোগীরা যানজট নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। জানা যায়, পটিয়া সাবেক মহকুমা সদর হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের থানার মোড় চত্বরটি একটি ব্যস্ততম এলাকা। এখানে ৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় ১৬ এপ্রিল পাক হানাদার বাহিনী বোমা হামলা চালিয়ে অসংখ্য নীরিহ মানুষকে নির্মমভাবে শহীদ করেছিল।
কিন্তু ঐতিহাসিক এ চত্বরটির চারপাশ ক্ষুদ্রাকৃতির হওয়ায় এটি যুগ যুগ ধরে অবহেলিত। এখানে প্রতিদিন পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও এর পাশ ছোট হওয়ায় বাড়তি যান বহনের চাপে স্থায়ী যানজট থেকে মুক্তি মিলছে না। স্থানীয় যাত্রী রুবেল হোসেন চৌধুরী বলেন, থানার মোড়টি অতীব গুরুত্বপূর্ণ স্থান। এ মোড় দিয়ে শুধু যাত্রী নয়, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও হাজার হাজার সাধারণ মানুষ এবং অসংখ্য মার্কেটের ক্রেতা-বিক্রেতারা চলাচল করে। ফলে থেমে থেমে এখানে যানজট স্থায়ী রূপ লাভ করছে।
উপকারভোগীরা থানার মোড় চত্বরকে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে এর পাশ বর্ধিত করার দাবি জানান। পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, ঈদে যানজটুমুক্ত পটিয়া শহর গড়তে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তিনি এব্যাপারে সংশ্লিষ্টদেরকেও নিজ নিজ অবস্থান থেকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান।