জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০২:১৯:৩৮ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০২:১৯:৩৮
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। সরাসরি গ্রামে গ্রামে ঘুরে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনার উদ্যোগ নিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরুমচড়া ইউনিয়নে গিয়ে ধান কেনেন ইউএনও। পরীক্ষা-নিরীক্ষা করে ওই ইউনিয়ন থেকে ১০ টন ধান কেনা হয়। তবে কয়েকজন কৃষকের ধানে কিছুটা আর্দ্রতা থাকায় শুকিয়ে ঈদের পর উপজেলা খাদ্যগুদামে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম,উপসহকারি উদ্ভিদ কর্মকর্তা সরোয়ার আলম ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আতাউল গণি।
বরুমচড়া ইউনিয়নের কৃষক অছিয়র রহমান বলেন,ধানে কিছুটা আর্দ্রতা থাকায় তাৎক্ষণিকভাবে ধান নেয়নি। ধান শুকিয়ে খাদ্যগুদামে কৃষি কার্ডসহ নিতে বলা হয়েছে। আগে কখনো গুদামে ধান বিক্রির সুযোগ পাননি। তার ভাষ্য, এবার তিনি ধানের ন্যায্যমূল্য পাবেন।
মনসুর নামে আরেক কৃষক বলেন,তিনি তার বাড়িতেই ২৬ টাকা কেজি দরে ২ টন ধান বিক্রি করেছেন। বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রির কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাড়িতে এসে ১ হাজার ৪০ টাকা মণে ধান কিনছে সরকার। এই দামে ধান কিনলে কৃষকেরা লাভবান হবেন।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আতাউল গণি বলেন,ধান নিয়ে কৃষকদের সরাসরি খাদ্যগুদামে আসার জন্য বলা হয়েছে। প্রকৃত কৃষক যাতে ধান-চাল দিতে পারেন সেজন্য কৃষি কার্যালয় থেকে তালিকা নেওয়া হয়েছে। ধান সংগ্রহের এই কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।
ধান কেনা শেষে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন,সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি কার্ডধারী কৃষকের বাইরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। মানসম্মত ধান ২৬ টাকা কেজি দরে কেনা হচ্ছে।