প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৫৪:১২ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৫৪:১২
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ভাতিজার লাঠির আঘাতে আহত বৃদ্ধ চাচা অবশেষে মারা গেছেন। সোমবার (৩ জুন) ভোররাত ৪ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যক্তির নাম আহমদ শফি (৬২)। তাঁর বাড়ি পদুয়া ইউনিয়নের নারিশ্চা ধামারদিয়া এলাকায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ১৮ এপ্রিল বৃদ্ধের পুত্র হামলার ঘটনায় থানায় মামলা করেন। মামলার প্রধান আসামী ও নিহত বৃদ্ধের ভাতিজা জোবায়ের হোসেন (২৮)কে গত বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেন। মামলার বিবরণ , পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে বলে জানা গেছে , উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা ধামারদিয়া এলাকার আহমদ শফি ও তার পুত্রদ্বয়ের সাথে প্রতিপক্ষ একই গ্রামের তার ভাই জালাল আহমদের পুত্র মো. জোবায়ের, আব্দুল হাকিম (৩৮), আবদুল আলম (৪২) এর সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে।
এই বিরোধের জেরে গত ১৮ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় জায়গার পরিমাপ করে সামাজিকভাবে মীমাংসা বৈঠক বসে। কিন্তু প্রতিপক্ষগণ তা না মেনে পরিমাপের পর দেয়া সীমানা বেষ্টনি ভাঙচুর শুরু করলে তা বাঁধা দিতে যায় আহমদ শফি সহ তার পুত্ররা। এসময় জোবায়ের ও তার ভাইয়েরা স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাদের উপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। হামলায় ভাতিজা জোবায়েরের উপর্যুপরী লাঠির আঘাতে চাচা আহমদ শফির মাথা গভীরভাবে ফেটে যায়। এসময় বাবাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় তার পুত্র শাহাদাত হোসেন (২৭) ও সাজ্জাদ মাহমুদ রাসেল (৩২)।
পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বৃদ্ধ আহমদ শফির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় ১৯ এপ্রিল তার পুত্র শাহাদাত হোসেন বাদী হয়ে হামলাকারী মো. জোবায়ের (২৮), স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ (৪৫)সহ ৯ জনকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলার পর প্রধান আসামী গ্রেপ্তার হলেও পালিয়ে বেড়াচ্ছেন বাকী আসামীরা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চৌধুরী বলেন, ‘ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বৃদ্ধ শফি মারা গেছেন।
তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এর আগে ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’