শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-২০ ২১:১৮:৩২ || আপডেট: ২০১৯-০৬-২০ ২১:১৮:৩২
বাঁশখালীর পুর্ব চাম্বল ছড়ারকুল ৭নং ওয়ার্ড এলাকায় কবরস্থান নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল (১৯ জুন) বুধবার সকালে স্থানীয় মৃত বাদশা মিয়ার বিদেশ ফেরৎ পুত্র হারুনুর রশিদ ও তার ভাই জাকের হোসেন এবং মোহাম্মদ আলী প্রকাশ ভেট্টার বাড়িতে এই হামলা চালানো হয়। এসময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটের পাশাপাশি বসতবাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়। এতে কমপক্ষে আরো ২ লক্ষাধিক টাকাসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনা চলাকালে বাধা দেয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজনের হাতে তাদের বৃদ্ধা মা শামসুজ্জাহান (৮০) ও হারুনের স্ত্রী শাজুয়ারা বেগম (৪৫) গুরুতর আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য ছরওয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম প্রকাশ তোতা মিয়া, বস, আকাশ, মনজুর আলম, ফেজা ফরিদ ও টিপুর নেতৃত্বে আরো কিছু অজ্ঞাত পরিচয়ের লোকজন ঘন্টাব্যাপী ৩ ভাইয়ের বসতবাড়িতে এই তান্ডব চালায়।
সরেজমিনে আজ (২০ জুন) বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে পুরো এলাকায় আতংক বিরাজ করছে। ঘরের মালামাল, বৈদ্যুতিক বাল্ব, ফ্যান এমনকি হাড়ি পাতিল ও রান্নার চুলাও ভেঙ্গে দেয়া হয়েছে। ঘরের চেয়ার, টেবিল ও আলমিরাও ভাংচুর করা হয়েছে। প্রবাসী হারুনের স্ত্রী শাজুয়ারা বেগম জানান, তাদের নগদ ৭৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এছাড়া তার ছোট দেবরের স্ত্রীর সেলাই মেশিন এবং আলমিরাও ভাংচুর করা হয়েছে। মানিকপাহাড়ের কবরস্থানে লাশ দাফনে বাধা ও কবরের জায়গায় গাছ রোপনের প্রতিবাদ করায় ক্ষীপ্ত হয়ে ইউপি সদস্যের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে।
চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী জানান, ঘটনাটি আমি জেনেছি। অত্যান্ত অমানবিকভাবে ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ওই জায়গায় পুলিশ আসামী ধরতে গিয়েছিল। সেখানে আগে পরে হামলার ঘটনা ঘটলেও এই বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি।
এদিকে ঘটনার পর থেকে ৩ পরিবারের লোকজনের মাঝে চরম আতংক বিরাজ করছে। বাড়ির পুরুষ সদস্যরা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পুরো এলাকায় এনিয়ে উত্তেচনা বিরাজ করছে। যে কোন সময় ফের হামলার আশংকা করা হচ্ছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।