নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৮-২০ ২৩:৪৪:১৯ || আপডেট: ২০১৯-০৮-২০ ২৩:৪৪:১৯
নিউজ ডেস্ক : চট্টগ্রামে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৬১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে হাজির না থাকায় শাকিলা ফারজানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল জজ মোহাম্মদ আবদুল হালিমের আদালত দুটি মামলায় অভিযোগ গঠন করেন।
শাকিলা ফারজানার আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার সমকালকে বলেন, দুটি মামলায় ৬১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আসামি ব্যারিস্টার শাকিলা ফারজানা অসুস্থ থাকায় তিনি এখন দেশের বাইরে। এ তথ্য জানিয়ে আদালতে সময়ের আবেদন করলেও তা নামঞ্জুর করে শাকিলা ফারজানার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ের জঙ্গি প্রশিক্ষণ আস্তানা থেকে জঙ্গি সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় র্যাব সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করে। দুই মামলায় অভিযুক্ত ব্যারিস্টার শাকিলা ফারজানা সময়ের আবেদন করেন। শাকিলার বিরুদ্ধে হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগ আনে র্যাব।
ব্যারিস্টার শাকিলা বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।