প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:০৬:০৭ || আপডেট: ২০১৯-০৮-২৪ ০০:০৬:০৭
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের হস্তক্ষেপে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। স্কুল ছাত্রীর বাড়ি কক্সবাজার জেলায় হলেও সে পৌরসভার সৈয়দবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকে। বৃহষ্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যা থেকে রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রীর বিয়ের যাবতীয় আয়োজন চলছিল। রাত ১১ টার দিকে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
শুক্রবার (২৩ আগষ্ট) তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “ বাল্য বিবাহের খবর পেয়ে ওই বাড়িতে বিয়ে বন্ধ করতে পুলিশ পাঠানো হয়েছে। ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষককে খবর নিয়ে বিয়ে বন্ধ করতে বলি। তাঁর লেখাপড়া যাতে বিনামূল্যে হয় সেজন্য স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে। প্রয়োজনে মেয়েটির পড়ালেখার ব্যাপারে যাবতীয় সহযোগিতা করে যাব। অল্প বয়সে কারো বাল্যবিবাহ দেওয়ার সুযোগ নেই। বাল্যবিবাহের খবর পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বাল্যবিবাহ’র সাথে জড়িতদের বিরুদ্ধে কারাদন্ড ও অর্থদন্ডসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
” জানতে চাইলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু সায়েম বলেন, “ আমি ও সহকর্মী শিক্ষক রহিম উদ্দিন সিকদারসহ স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে মা-বাবা’কে বুঝিয়ে বলি। মেয়েটির অমতে এবং পাত্রপক্ষের চাপের মুখে এই বিয়ের আয়োজন করেছিল তাঁর পরিবার।” রাঙ্গুনিয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. মকছুদ আহমেদ বলেন, “মেয়েটির পরিবার তাঁদের ভুল বুঝতে পেরে বিয়ের কার্যক্রম থেকে সরে আসেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে দেবে না প্রতিশ্রুতি দেন। ”