জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১০-১৬ ১৯:৫৫:০৩ || আপডেট: ২০১৯-১০-১৬ ১৯:৫৫:১১
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঝিওরী চেয়ারম্যানঘাটা এলাকায় পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে সুভাষ কান্তির (৪৫) বাড়ি পটিয়া উপজেলায় এবং মো.ইসরাফিলের (৩৮) বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায় বলে জানা গেছে।
আনোয়ারা থানার এসআই শামসুজ্জামান জানান,সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালী থেকে যাত্রীবাহী দুটি অটোরিকশা চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আনোয়ারা উপজেলার ঝিওরী চেয়ারম্যানঘাটা এলাকা অতিক্রম করার সময় ওষুধ কোম্পানির একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে অটোরিকশা দুটির সংঘর্ষ হয়।
এ সময় রাস্তার পাশে থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মো.ইসরাফিল মারা যান। আহতাবস্থায় অটোরিকশার পাঁচ যাত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে সুভাষ কান্তি নামের আরেকজনের মৃত্যু হয়। আহতরা হলেন, চাঁদপুরের কচুয়া এলাকার কাউছার আলম (৩৫),পটিয়া উপজেলার কুলাগাঁও গ্রামের রিনা আক্তার (২৪),তার মা আমেনা খাতুন (৪৫) এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা দুটি ও পিকআপভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।