শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১০-১৬ ২০:০২:৩৪ || আপডেট: ২০১৯-১০-১৬ ২০:১২:০০
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, কোন রোহিঙ্গা যাতে এলাকায় আশ্রয় নিতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি বলে তাদের নাগরিকত্ব দিতে পারি না। মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে মানবিক কারণেই এদেশে আশ্রয় দিয়ে খাদ্য এবং মাথা গুজার ঠাই দিয়েছিলেন। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে তারা আমার দেশের আনাচে কানাচে ঢুকে নানা অপরাধ কর্মকা- করে আমাদেরকে জীবনকে দুর্বিসহ করে তুলেছে।
এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, অনেকেই দেখা যাচ্ছে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও জাতীয়তা নিয়ে নানা প্রশ্ন তুলছেন। এই নিয়ে বিভিন্ন সময় আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাই অতি দরদী না হয়ে রোহিঙ্গা ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। তিনি ইউপি সদস্য ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে বলেন, আপনারাই তৃণমূলের নেতা, তৃণমূলের জনপ্রতিনিধি। এলাকার সমস্যা সম্ভাবনা, জনগণের সুখ দুঃখ আপনাদেরকেই সবার আগে দেখতে হবে। আমি এমপি হিসেবে আপনাদের যেকোন সুবিধা অসুবিধায় পাশে থাকব।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এড. বদরুদ্দীন চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন প্রমুখ।