চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর সরলে মহিলা গ্রাম পুলিশ ও তার স্বামীর ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশ: ২০১৯-১০-১৬ ১৯:৫৯:১০ || আপডেট: ২০১৯-১০-১৬ ১৯:৫৯:১৮


বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালী উপজেলার সরলে মহিলা গ্রাম পুলিশ নুর আয়শা বেগম ও তার স্বামী আবু তাহেরের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল (১৫ অক্টোবর) মঙ্গলবার সকালে সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আবুল বশর নামে এক রোহিঙ্গা ওই এলাকায় ভোটার হওয়া নিয়ে প্রতিবাদ করায় রোহিঙ্গা আবুল বশর ও তার পক্ষের হাবিবুর রহমান এবং নুর মোহাম্মদের নেতৃত্বে মহিলা গ্রাম পুলিশের ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আহত গ্রাম পুলিশ নুর আয়শা বেগম (২৫) ও তার স্বামী আবু তাহের (৩০) বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা বাঁশখালীর গ্রাম পুলিশদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তারা গতকাল দুপুরে ঐক্যবদ্ধ হয়ে বাঁশখালীর এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম মজুমদারের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

আহত গ্রাম পুলিশ নুর আয়শা বেগম জানান, ‘রোহিঙ্গা আবুল বশরকে বাঁশখালীর সরলে পুনর্বাসন ও তাকে ভোটার করা নিয়ে আমি গ্রাম পুলিশ হিসেবে দেশ বিরোধী কাজের প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে রোহিঙ্গা আবুল বশর ও সরল ৪নং ওয়ার্ড এলাকার মৃত আমির হামজার পুত্র হাবিবুর রহমান ও মৃত ছিদ্দিক আহমদের পুত্র নুর মোহাম্মদ আমি এবং আমার স্বামীর ওপর হামলা চালায়। এর আগেও তারা আমাকে একাধিকবার মারধর ও হামলা চালিয়েছে।

এ নিয়ে থানা ও আদালতে হামলাকারীদের বিরুদ্ধে আমার দায়ের করা অভিযোগ ও মামলা রয়েছে। গতকাল সকালে সন্ত্রাসীরা উক্ত অভিযোগ ও মামলা প্রত্যাহারের দাবীতে আবারো আমার ওপর হামলা করে। আমাকে রক্ষায় আমার স্বামী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও ব্যাপক মারধর করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *